
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জাপানে যাওয়ার প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরে রিফাত সর্দার (নাম) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার হাসাইল গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিফাত সর্দার উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা আজিজ সর্দারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রিফাত সম্প্রতি ঢাকার একটি জাপান ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে কিছুদিনের মধ্যেই তার জাপানে যাওয়ার কথা ছিল। শুক্রবার তিনি প্রশিক্ষণ শেষে বাড়িতে ফিরে আসেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে রিফাত নিজ কক্ষে ছিলেন।
শনিবার সকাল ৮টার দিকে পরিবারের লোকজন তাকে ঘরে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
