
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
তিন দফা জানাজা শেষে নিজ গ্রামের সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও মুন্সিগঞ্জ-৩ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হাই।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তৃতীয় জানাজা শেষে মুক্তারপুরের বাগবাড়ী সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ মুন্সিগঞ্জে নিয়ে আসা হলে রাত ৯টায় শহরের সুপারমার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরেশ্বরাইয়ে তৃতীয় জানাজা শেষে নিজ এলাকার বাগবাড়ী সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এদিকে প্রবীণ এই রাজনীতিবিদকে শেষ বিদায় জানাতে জানাজাস্থলে ঢল নামে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের। তার প্রয়াণে শোকের ছায়া নেমে আসে তাঁর নিজ এলাকা ও রাজনৈতিক অঙ্গনে।
জানাজা ও দাফনে উপস্থিত থেকে তার জীবনের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ করেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মরহুমের পরিবারের সদস্য, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এর আগে,দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন সাবেক উপমন্ত্রী আব্দুল হাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
