রিপোর্ট: শুভ ঘোষ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক মন্তব্য করেছেন, প্রয়োজনে সরকারের বিরুদ্ধে পতনের আন্দলোন করতে হলে একচুল পিছুপা হবো না। তিনি বলেন, এক হাতে তালি বাজবে না। শুধুমাত্র আমরা সহযোগীতা প্রদানের ইচ্ছাপোষণ করবো, আমরা আন্তরিকতা প্রদর্শন করবো, আর সরকার শুধুমাত্র আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করবে। সরকার সহযোগিতার কোন চিন্তাও করবে না। এটা হবে না।
আমরা গায়ে পড়ে সরকারকে সহযোগিতা করতে চাইলাম। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য, জনগণের জন্য ভূমিকা পালন করতে রাজপথে নেমেছি। প্রয়োজনে খুব শীঘ্রই সরকারের বিরুদ্ধে আমরা পতনের আন্দোলন করতে হলেও আমরা একচুল পরিমাণ পিছুপা হবো না।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, মুন্সিগঞ্জ জেলার সকল সড়ক দ্রুত মেরামত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ সহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস, মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমরা সরকারের বিরুদ্ধে আন্দলোনে নামতে ৬ মাস সময় নিয়েছি। কিন্তু বর্তমান সরকার জাতির সাথে গাদ্দারি করতে ৬ মিনিট সময় নেয় নাই।
বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকারকে সহযোগিতা করতে চান তাঁরা। তবে জনগণের অধিকার ও গণভোটের রায় উপেক্ষা করা হলে দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে নীরব থাকার সুযোগ নেই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারেক রহমান যদি শেখ হাসিনার পথে হাঁটতে চান, তাহলে তাঁকে আরেকজন শেখ হাসিনা হতে দেওয়া হবে না।
দেশের চলমান সংকট প্রসঙ্গে মামুনুল হক বলেন, জ্বালানি সংকট, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনের দলীয়করণ এবং বিচারব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো সমস্যাগুলো রাষ্ট্রকাঠামোর দুর্বলতার বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রীকেন্দ্রিক একচ্ছত্র ক্ষমতাব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রপতির কার্যকর ক্ষমতা নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। অতীতের সব গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যা, শাপলা গণহত্যাসহ অতীতের সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় বা অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডেরও বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক আরও বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এত রক্ত, প্রাণহানি ও আত্মত্যাগ শুধু সংবিধান সংশোধনের জন্য হয়নি। ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ এবং রাষ্ট্রকাঠামোতে মৌলিক পরিবর্তন আনতেই মানুষ জীবন দিয়েছে। তাই গণভোটের রায় বাস্তবায়ন করে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করতে হবে।
এদিন নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুফতী মোহাম্মদুল্লাহ-এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মুফতী সিদ্দিকুর রহমান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতী নুর হোসাইন নূরানী।
সমাবেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, মুন্সীগঞ্জ জেলার সব সড়ক দ্রুত সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।