নিজস্ব প্রতিবেদকঃ

২৪ এ,জুলাই আগস্টের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনকে পূর্ণাঙ্গ রূপ দিলেও এখন আর সেসব নারী শিক্ষার্থীদের মাঠে কিংবা কোথাও দেখা যায় না বলে মন্তব্য করেছেন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে যারা পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন করা এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে।

তিনি আরও বলেন,অন্তর্বর্তী সরকারের সময় থেকেই পলাতকদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল ফলে সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত “নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার” শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন,বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক রয়েছে সেসব দেশের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে। ফলে যত দ্রুত সম্ভব বিচারকার্য সম্পন্ন করা হবে।

বর্তমান সরকার নারী শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়ে তিনি আরও বলেন,চলতি বাজেটে নারীদের শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে এবং বিশেষভাবে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন,স্বাধীনতার পর থেকেই বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

এছাড়া অবৈধ অভিবাসন প্রসঙ্গে তিনি আরও বলেন, ইউরোপ সহ বিভিন্ন দেশে দালাল চক্রের প্রলোভনে পড়ে অনেক মানুষ সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন। এ প্রবণতা রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সচেতনতা মূলক নির্দেশনা দেওয়া হবে,যাতে কোনো নাগরিক দালাল চক্রের প্রতারণার শিকার না হয়। একই সঙ্গে বিদেশে বিপদে পড়া বাংলাদেশি কর্মীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।

পরে রাজনৈতিক বিষয়ে তিনি বলেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে দেশে আদালতের রায় হয়েছে এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য সরকার বিভিন্ন দেশের সঙ্গে জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে। বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে।

এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম সহ আরও অনেকে।