
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশের নতুন খনন করা পুকুরের ঘাটে খেলতে গিয়ে প্রথমে পানিতে পড়ে যায় পাঁচ বছর বয়সী ইব্রাহিম পরে একইভাবে পানিতে পড়ে ডুবে যায় চার বছর বয়সী রাইয়ান।
এরপর প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পরে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে,শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এদিকে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতদের চাচা চান মোল্লা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটির পাশে পাকা ঘাট নির্মাণ করা হয়। রবিবার সকালে দুই শিশু ওই পাকা ঘাটে খেলছিল। একপর্যায়ে পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
চান মোল্লা আরও বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা পর খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, পুকুর পাড়ে খেলতে গিয়ে দুইজন শিশু পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই মরদেহ দুটি দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
তারিখ: ২৩ আগস্ট ২০২৬ ইং
