মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লঞ্চঘাট এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে (বিআইডব্লিউটিএ)।

রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা ব্যাপী চলা উচ্ছেদ অভিযানে, মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাটকে কেন্দ্র করে গড়ে উঠা ছোট বড় অন্তত ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে খাবার হোটেল,চায়ের দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

তবে উচ্ছেদ অভিযানের শুরুতেই স্থানীয় অবৈধ দখলদারদের দফায় দফায় বাঁধায় ব্যাহত হয় কার্যক্রম পরে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হয় সকল অবৈধ স্থাপনা।

অভিযোগ রয়েছে,স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশেপাশের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে উঠে।

তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে কোন ধরনের আগাম নোটিশ ছাড়াই হুট করে রবিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। তবে পুনরায় আবার সেখানে অবৈধ স্থাপনা গড়ে উঠায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে সেগুলো গুড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। ভবিষ্যতে আবারো এ ধরনের স্থাপনা গড়ে উঠলে একইভাবে উচ্ছেদ করা হবে।

উচ্চ আদালতে নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে,সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্র) মারজানা আক্তার বলেন,লঞ্চঘাটের জায়গা দখল করে ভবিষ্যতে যাতে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে নজরদারি করা হবে।