
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জ সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পুরাতন কাচারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
অভিযানকালে পুরাতন কাচারি এলাকার মেসার্স ভাই ভাই মেডিসিন কর্ণার পরিদর্শন করা হয়। এ সময় ফার্মেসিটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করার বিষয়টি শনাক্ত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ ঘটনায় ফার্মেসির মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ কোনো ওষুধ সংরক্ষণ কিংবা বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন না করার বিষয়ে তাকে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় বাজার মনিটরিং ও আইনানুগ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
