নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুরে গোসল করতে নেমে জিতনী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৭ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ২টা ২ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, লালবাড়ী এলাকায় একটি পুকুরে গোসল করতে নেমে জিতনী নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে উদ্ধার অভিযান শুরু করে। এরপর একপর্যায়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মরদেহ আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত জিতনীর বাবা আব্দুল জলিল পেশায় শ্রমিক। তারা লালবাড়ী এলাকায় মো. করুনার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের স্থায়ী বাড়ি শেরপুর জেলায়। জিতনী শেরপুর সদর উপজেলার চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, মাত্র দুই দিন আগে বাবা-মায়ের সঙ্গে শেরপুর থেকে লালবাড়ী এলাকায় আসে জিতনী। এর মধ্যেই পুকুরে গোসল করতে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।