নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছনের চাকা ব্লাস্ট হয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ চারজন আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেলে পদ্মা সেতু উত্তর থানার কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা আহত চারজনকে উদ্ধার করে। পরে তাঁদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি একজন রোগীকে নিয়ে ঝিনাইদহের শৈলকুপা থেকে ঢাকার কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সটির পেছনের একটি চাকা ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে অ্যাম্বুলেন্সটি উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালক, রোগী ও স্বজনসহ মোট পাঁচজন ছিলেন। তাঁদের মধ্যে চারজন আহত হয়েছেন। আহতরা হলেন জমিরউদ্দীন আনসারী (৫৩), শহিদুল ইসলাম (৪৫), তারজিন জাহান (৫০) ও সাদিকা আনসারী (১২)। তাঁদের সবার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলামনগর এলাকায়।
তবে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকের কোনো আঘাতের তথ্য পাওয়া যায়নি।

