মানিক দাস ॥ চাঁদপুর শহরের পর্যটন এলাকা হিসেবে খ্যাত বড় স্টেশন মোলহেড এলাকা থেকে ভ্রমণ পিপাসু মানুষদের স্বাচ্ছন্দ্যে বিচরণের লক্ষে সকল স্থাপনা উচ্ছেদ করলেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান। ২৬ আগস্ট সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, চাঁদপুরের একমাত্র পর্যটন স্পট বড় স্টেশন মোলহেড। এখানে চাঁদপুর ও আশেপাশের জেলার ভ্রমণ পিপাসু মানুষ ত্রিনদীর মোহনার অপার সৌন্দর্য উপভোগ করতে এবং নিরিবিলি পরিবেশে মাটি, পানি ও আকাশের মিতালি দেখতে ছুটে আসে। কিন্তু বারবার চেষ্টা করেও এ স্থানটিতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভ্রমণ পিপাসু মানুষের জন্য কোলাহল মুক্ত রাখা যাচ্ছে না। অস্থায়ী দোকানদার, হকারদের দখল এবং সাম্প্রতিক সময়ে খেলনা সামগ্রী, তাদের বিকট শব্দ ও পাশাপাশি ডেক্সসেটের উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দূষণ, ব্যানার পোস্টার লাগানো, ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করা ইত্যাদি কারণে ভ্রমণ পিপাসু মানুষের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নির্দেশে পূর্বেও বহুবার চেষ্টা করা হয়েছিল। সকল দোকান হকার, ব্যানার, পোস্টার, ঝোঁপঝাড়, খেলনা সামগ্রী অপসারণ করা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসক এই স্থানটি আলোকিত করার লক্ষ্যে ৫টি সোলার, স্ট্রিটলাইট স্থাপন করেছে। আমরা চাই এ স্থানটি যেন সবসময় অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত থাকে। অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জ্বল হোসেন, সামিউল ইসলাম, নৌ থানার অফিসার ইনচার্জ আবু তাহের, পৌরসভার কর্মকর্তা এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যরা।
