
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া একতা বাজার এলাকার তপাদার বাড়িতে চুরির ঘটনার পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। ঘটনাসূত্রে জানা যায়, তপাদার বাড়ির লোকমান তপাদারের ছেলে মোঃ হানিফ তপাদার (৩৫) এ নির্মম হত্যার শিকার হয়েছে। তাকে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় তারই সম্পর্কিত চাচাত ভাই গংরা ঘর থেকে টেনে হেছড়ে উঠানে এনে নির্মমভাবে প্রহার করে অচেতন করে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দুপুর ২টায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হানিফ তপাদারের পিতা লোকমান তপাদার ও বড় বোন তাহমিনা বেগম জানান, দু’ বছর পূর্বে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা বাজারে ডাঃ হারুনের ব্যবহৃত মোটর সাইকেলটি বাসু তপাদারের ছেলে সুমন তপাদার ও আইয়ুব আলীর ছেলে রাজন চুরি করে নিয়ে যায়। এ বিষয়টি হানিফ তপাদার জানতো। সে মোটর সাইকেল চুরির বিষয়টি ডাঃ হারুনকে জানিয়ে দেয়। সেই থেকেই বাসু তপাদারের ছেলে সুমন তপাদার, মামুন তপাদার, আইয়ুব আলীর ছেলে আরিফ হোসেন, রাজন ও হারিছ ক্ষিপ্ত হয়ে উঠে। ইতিপূর্বেও নিহত হানিফকে এরা মারধর করে অচেতন করে খড়ের গাদায় লুকিয়ে রাখে। গতকাল ঘুমন্ত অবস্থায় তাকে ঘর থেকে বের করে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা হানিফের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
