স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নে চিহ্নিত মাদক বিক্রেতা সাগর মাঝির সহযোগী হাবিব খান (৩০)-কে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
২৮ আগস্ট বুধবার দুপুরে মাদক বিক্রেতা সাগর মাঝি ও তার সহযোগী হাবিব খান মাদক (ইয়াবা) সেবন করছিল। খবর পেয়ে স্থানীয়রা তাদের দু’জনকে ঘেরাও করার চেষ্টা করে। এসময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সাগর মাঝি দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক তার সহযোগী হাবিব খানকে আটক করে চাঁদপুর মডেল থানায় খবর দেয়ার পর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিনের নির্দেশে এস আই আনোয়ার এবং এএসআই দিলীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাবিব খানকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পুলিশ জানায়, আটক হাবিব খানের দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী মাদক বিক্রেতা সাগর মাঝির সে একজন ঘনিষ্ঠ সহযোগী। আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হবে। অপর আসামী সাগর মাঝিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।
অপরদিকে স্থানীয়রা জানান, বহরিয়া বাজার সংলগ্ন মাঝি বাড়ীর ছলেমান মাঝির ছেলে সাগর মাঝি দীর্ঘদিন যাবৎ অত্র ইউনিয়নে মাদক বিক্রি করে আসছে। তার কারনে ইউনিয়নের অনেক ছেলে মাদক সেবনে ও মাদক বিক্রির সাথে জড়িয়ে পরেছে। সাগর মাদক বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয়দের দাবি, লক্ষীপুর মডেল ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে হলে, মাদক বিক্রেতা সাগর মাঝিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
