রিপোর্ট: আমির হোসেন

মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে ‘জয় বাংলা শ্লোগান’ দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সন্দেহে ৩৭ জন কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সকলের বয়স ১৪ থেকে ২০ বছর।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের মোল্লাচর এলাকার নদীতীর থেকে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছ পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,ধলেশ্বরী নদীতে নোঙ্গর করা কার্গো জাহাজে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীতীরে পুলিশ অবস্থান নেয়। এসময় নদীতে ট্রলারে করে দল বেধে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পুলিশ।
পরে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা নোঙর করা কার্গো জাহাজ থেকে বাকীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে আটক কিশোরদের ছাড়িয়ে নিতে মুন্সিগঞ্জ সদর থানার সামনে ভিড় করেন অভিভাবকরা, এ সময় আটকৃতরা ঘুরতে এসে পরিস্থিতির শিকার হয়েছেন দাবি করে কান্না আর আহাজারিতে ভেঙে পড়েন স্বজনরা থানার মূল গেটের সামনে। এরপর আটকৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে,মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, এর আগে ঘটনাস্থলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ঝটিকা কর্মসূচির ঘটনা ঘটেছিলো। সেখানে আবারো একইভাবে কর্মসূচি করার একটি তথ্য ছিলো পুলিশের কাছে।
সেই সূত্র ধরে নদীতে থেমে থাকা নৌযান থেকে বিকালে জয় বাংলা স্লোগান দেওয়ার তথ্যও পাওয়া গেছে। পরে সেখান থেকে সর্বমোট ৩৭ জনকে আটক করা হয়। এরপর আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত না থাকলে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মুছ লেখা নিয়ে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।