শুভ ঘোষ,স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ফের আবারো উত্তপ্ত হচ্ছে মুন্সিগঞ্জের চরাঞ্চল,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবর্ষণ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা এ সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে, আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে হামলাকারীদের বিরুদ্ধে। এতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে।
স্থানীয়দের অভিযোগ,ককটেল বিস্ফোরণের বিকট শব্দে বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙেছে মোল্লা কান্দি এলাকার মানুষের, ইউপি নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে,মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আওলাদ মোল্লার সঙ্গে বিরোধ চলছে মোল্লাকান্দি ইউনিয়নের বিএনপি নেতা রহিম মোল্লার সঙ্গে। সেই সূত্র ধরে দেশি, বিদেশি বিভিন্ন অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ।
এতে একের পর এক ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বসতবাড়ির উঠান ও মাঠে দৃশ্যমান হয় গুলির খোসা সহ ককটেল বিস্ফোরণের ভয়াবহতা।
পুলিশ জানায়,গতকাল বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে গুলিবর্ষনের ঘটনা ঘটে।
রাতের ওই ঘটনার জের ধরে,বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯ টা পর্যন্ত ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে হামলা-পাল্টা হামলা ও মূর্হুমুহু ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে সংঘাতে জড়ায় দুইপক্ষের লোকজন।
এতে গুলিবিদ্ধ দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেনকে (৪৮) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরন করা হয়েছে। বাকী আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ,ইউনিয়নটির নোয়াদ্দা এলাকার একটি ড্রেজারের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন কয়েক জন যুবক। এসময় বিএনপি নেতা আওলাদ মোল্লার লোকজন অর্তকিত ভাবে সেখানে হামলা চালিয়ে তাদের ওপর গুলিবর্ষন করে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়। এরপর সেই গুলিবর্ষনের ঘটনার জের ধরে ইউনিয়নের অন্যান্য গ্রামে সংঘাত ছড়িয়ে পড়ে।
সেই সংঘাত চলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। এতে অন্তত আরো ৫ জন আহত হয়।  ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে উভয় পক্ষের মধ্যেই।
গুলিবিদ্ধ দিদার ঢালী জানান, প্রবাসী অর্থায়নে কেনা হচ্ছে অস্ত্র ও ককটেল। এদিন ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলা চলে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আওলাদ মোল্লাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে ফ্রান্সপ্রবাসী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দুইটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই চলে আসছে সেই দ্বন্দ্বের জেরে এ সংঘাতের ঘটনা ঘটেছে দাবি করে বিষয়টি নিশ্চিত করেছেন, মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন।
তিনি ঢাকা মেইলকে জানান,অবৈধ অস্ত্র উদ্ধারে, পুলিশ ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।