নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকতা,সাহিত্য,সংস্কৃতিচর্চা,চিকিৎসাসেবা ও সমাজকল্যাণ বহুমাত্রিক কর্মযজ্ঞে দীর্ঘদিন ধরে সক্রিয় এক পরিচিত নাম মো.মোজাম্মেল হোসেন (সজল)। পেশাদার সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা,নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করা এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে মুন্সিগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।

১৯৭৮ সালের ২ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোজাম্মেল হোসেন সজল। তাঁর বাবা মরহুম জুলহাস বেপারী ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। বাবার আদর্শ,দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে শৈশব থেকেই লেখালেখি, সংস্কৃতিচর্চা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

৩৬ নম্বর সুখবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের সূচনা। পরবর্তী সময়ে মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরকারি হরগঙ্গা কলেজ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শিক্ষা সম্পন্ন করেন।

১৯৯২ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে তিন দশকেরও বেশি সময় ধরে গণমাধ্যমে কাজ করছেন তিনি। বর্তমানে ইংরেজি দৈনিক দ্য অবজারভার-এর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দৈনিক মানবজমিন, ডিবিসি নিউজ, দৈনিক কালবেলা, বাংলাবাজার, আজকালের খবর ও দৈনিক জনতাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এর মধ্যে দৈনিক মানবজমিনে মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার হিসেবে টানা ২৫ বছর দায়িত্ব পালন তাঁর সাংবাদিকতা জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়। ২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর সাংবাদিকতাবিষয়ক গ্রন্থ ‘খবরের মানুষ, মানুষের খবর’।

সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠক হিসেবেও রয়েছে তাঁর দীর্ঘ পথচলা। ‘আনমনা প্রাঙ্গণ’-এর প্রতিষ্ঠাতা ও একাধিকবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৫ সালের ২ ডিসেম্বর তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। এর আগে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর তাঁর উদ্যোগ ও আহ্বায়কত্বে যাত্রা শুরু করে ‘প্রজন্ম থিয়েটার’।

এছাড়া থিয়েটার সার্কেল,মুন্সীগঞ্জের একাধিকবার সিনিয়র সহ-সভাপতি, মুন্সীগঞ্জ থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত এবং হিরণ কিরণ থিয়েটারের উপদেষ্টা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‘কালের ছবি, কালের গান’ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও যুক্ত ছিলেন। বর্তমানে সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক সংগঠনেও রয়েছে তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা। ১৯৯৭ সালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর উদ্যোগে ‘পাঠকজমিন, মুন্সীগঞ্জ’-এর মাধ্যমে গুণীজন সম্মাননা, স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা। করোনা মহামারির কঠিন সময়ে আনমনা প্রাঙ্গণের উদ্যোগে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও খাদ্য বিতরণ, ইমামদের আর্থিক সহায়তা এবং অভুক্ত প্রাণীর জন্য খাদ্য সরবরাহসহ নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি। সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর এসব উদ্যোগ তাঁর সাংগঠনিক ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় বহন করে।

তিনি জেলা শিল্পকলা একাডেমি ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। পাশাপাশি মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ পিআইবি, জাতীয় মানবাধিকার সোসাইটিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠান থেকে সম্মাননা ও গুণীজন সংবর্ধনা পেয়েছেন তিনি।

ব্যক্তিজীবনে তাঁর সহধর্মিণী নাসরিন আক্তার একজন হোমিও চিকিৎসক। তাঁদের দুই কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। বড় মেয়ে তাসনিম আক্তার প্রাপ্তি রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে বিবিএ অধ্যয়নরত। অন্য মেয়ে ফাহমিদা আক্তার নিসা এবং ছেলে মো. রাফি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা,সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলার প্রত্যয়, সাহিত্যচর্চা, চিকিৎসাসেবা এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা সব মিলিয়ে মো. মোজাম্মেল হোসেন সজল মুন্সীগঞ্জের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর এই দীর্ঘ পথচলায় পেশাগত দায়িত্বের পাশাপাশি সমাজ ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতাই হয়ে উঠেছে অন্যতম পরিচয়।