নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় মোজাম্মেল বেপারী (৫৫) নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
নিখোঁজের একদিন পর বুধবার বিকেলে সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর এলাকার একটি পরিত্যক্ত ভিটাবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের জজকোর্ট এলাকা থেকে নিখোঁজ হন মোজাম্মেল বেপারী। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে বুধবার বিকেলে মহেশপুর এলাকার একটি পরিত্যক্ত ভিটাবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের দাবি, মোজাম্মেল বেপারীকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা সন্দেহ করছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
পরিবারের সদস্যরা জানান, মোজাম্মেল বেপারী প্রায় ১৫ বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

