নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. হায়দার আলী বলেছেন, সম্প্রতি তাকে জড়িয়ে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

আজ বুধবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ আগস্ট সকালে সিরাজদিখান উপজেলার লতব্দী এলাকায় অনুষ্ঠিত একটি মানববন্ধনে তাকে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়াকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ করা হয়। এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।

হায়দার আলী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। দুর্নীতি, সন্ত্রাস, মাদক এবং অবৈধ বালু-মাটি উত্তোলনমুক্ত মুন্সিগঞ্জ-১ গঠনের লক্ষ্যেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইন ও দলের সিদ্ধান্ত মেনে নেবেন। তবে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির ঊর্ধ্বতন নেতাদের প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের তথ্য যাচাই করে নিরপেক্ষ সংবাদ প্রকাশের অনুরোধ করেন।