নিজেস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

তবে এ ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছিল বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) মধ্য রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সাব্বির শেখ বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়,শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাব্বির শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। শ্রীনগর থানার এসআই রাজ্জাক ও শরিফুল সহ একাধিক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হয়ে সাব্বির শেখকে আটক করেন এবং তার হাতে হ্যান্ডকাফ পরান।

এ সময় সেখানে উপস্থিত সাব্বির শেখের পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে হাতে হ্যান্ডকাফ সহ পালিয়ে যায় সাব্বির শেখ।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান সহ অতিরিক্ত পুলিশ সদস্যরা। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সাব্বির শেখকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।

রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে,শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, সাব্বির শেখের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে পুনরায় গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।