নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’-এর সিলেবাস প্রকাশ করেছে বেসরকারি শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে সংগঠনটির ওয়েবসাইটে (www.manabseba.org) সিলেবাসটি প্রকাশ করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, জেলার দেড় শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এবার এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্ধারিত সংশ্লিষ্ট শ্রেণির পাঠ্যবই অনুসরণে প্রশ্নপত্র তৈরি করা হবে।

সিলেবাস অনুযায়ী, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে মোট ৯০ নম্বরের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। এর বাইরে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।

ফাউন্ডেশনের সহসভাপতি সামিয়া শারমিন বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া হবে এবং একই নীতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। তিনি জানান, মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থীদের এককালীন বৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক দেওয়া হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের তালিকা এবং ফরম পূরণ ও পরীক্ষার চূড়ান্ত তারিখ শিগগিরই জানানো হবে। বিস্তারিত তথ্য ফাউন্ডেশনের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষা যাত্রা শুরু করে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। গত চার বছরে মোট ৪ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে, যাদের মধ্যে ট্যালেন্টপুলে ১৮ জন ও সাধারণ বিভাগে ৪০৫ জনসহ মোট ৪২৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।