
নিজস্ব প্রতিবেদকঃ
ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ অন্যান্য মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় এডিস মশা নিয়ন্ত্রণে লক্ষে,স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ৩০টি মসজিদে মশক নিধন স্প্রে মেশিন ও প্রয়োজনীয় কেমিক্যাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে স্থানীয় স্বেচ্ছাসেবকদের আয়োজনে ও ব্যবসায়ী শাহাদাত হোসেন সরকারের সহযোগিতায় বিভিন্ন মসজিদের ইমাম ও সমাজের মুরুব্বিদের হাতে এসব মসক নিধন স্প্রে মেশিন ও কেমিক্যাল তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। এসব রোগ প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে মশক নিধন কার্যক্রম আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
পাশাপাশি, জনস্বার্থে এবং ডেঙ্গু প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।
এতে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. মাসুদ রানা এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
