নিজস্ব প্রতিবেদকঃ

সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার কিকে সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

এতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. খোরশেদ আলম, এনডিসি এবং মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের সহধর্মিণী নূর-ই-জান্নাত রুশনী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এবারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৯৪১ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬৬ হাজার ৬৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে জেলায় ৬টি স্থায়ী কেন্দ্র, ১ হাজার ৬০৬টি অস্থায়ী কেন্দ্র এবং ২৩টি ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ক্যাম্পেইন বাস্তবায়নে ১৪৬ জন স্বাস্থ্য সহকারী, ২১৭ জন পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), ১১৭ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং ৩ হাজার ২৭০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও রাতকানা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।