
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে,মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুত গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১০ জন আহত হয়েছে। এরমধ্যে, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বরিশালের পাথারঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহনের যাত্রীবাহী বাসটির বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বেশ কয়েকজন গুরুতর সহ আহত হয় অনেকে।
আহতরা হলেন,অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩) রাজু (১৭) নুরনবী (৩০) ও ইব্রাহিম (৪০) আহত ৫জনের বাড়ি পিরোজপুর জেলায়। অন্যদিকে গুরুত্ব আহত দুজন সাউদা বেগম (৩৫) বরগুনা এবং মরিয়ম (৫৫) পিরোজপুর জেলার বাসিন্দা।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৩৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। একইদিন সকাল ৮টার দিকে উপজেলার ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠ্যতলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
একই মহাসড়কে দ্রুত গতির অজ্ঞাত গাড়ি ঢাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্য বোঝাই কাভার ভ্যান গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে, এতে গুরুতর আহত হয় ইস্কান্দার মিয়া (৫১) সহ আরো একজন। তারা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা।
এসব ঘটনা নিশ্চিত করেছেন,মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
তিনি জানান, মুন্সিগঞ্জের দুটি মহাসড়কে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত সহ অন্তত ১৪ জন আহত হয়েছে। তবে দুটি দুর্ঘটনাস্থলেই বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
