
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে আকিকার মাংস দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণ ও রুপার অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে সম্রাট হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
পরে তাকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা সহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার ভাগ্যকুল কবুতরখোলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। আটক সম্রাট মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার জসিলদিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশা চালক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজা খাসের হাট এলাকার বাসিন্দা আমেনা বেগম (৬০) বাসা বাড়িতে কাজের উদ্দেশ্যে শ্রীনগরের কবুতরখোলা মাদবরবাড়ি এলাকায় আসেন।
তবে যে বাড়িতে তিনি কাজ করতে এসেছিলেন, সেটির মালিকের নাম বলতে না পারায় অভিযুক্ত অটোরিকশা চালক সম্রাট তাকে কৌশলে আকিকার মাংস দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে ডেকে৷ নিয়ে যান।
সেখানে ভয়ভীতি দেখিয়ে আমেনার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল, রুপার চেইন ও হাতের চুড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সম্রাটকে অটোরিকশা সহ আটক করেন। পরে শ্রীনগর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে,শ্রীনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম বলেন, স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি রুপার চেইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
