মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর যুবদলের সাবেক সভাপতি ও স্থানীয় রাজনীতির পরিচিত মুখ মফিজুল ইসলাম (জাদু) আর নেই।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মফিজুল ইসলাম জাদু দীর্ঘদিন ধরে মিরকাদীম পৌর যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি মিরকাদীম পৌর যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। রাজনৈতিক সহকর্মীদের কাছে তিনি একজন সহজ-সরল ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মিরকাদীমসহ মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নিজ এলাকায় আনা হবে। পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মফিজুল ইসলাম জাদুর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।