নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচর এলাকায় মুন্সিগঞ্জ থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন। সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক নাদিম হোসাইন।
সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এগুলো সামাজিক অবক্ষয়েরও কারণ। তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, কিশোর অপরাধ, ইভটিজিং কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।
সভায় চরকিশোরগঞ্জ (মোল্লারচর) এলাকার পঞ্চায়েত কমিটির অন্যতম সদস্য মনির হোসেন মোল্লা, খোকন মিয়া ও আক্তার হোসেন বক্তব্য দেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ জসিম, মোহাম্মদ কবির মোল্লা, মোহাম্মদ সেলিম মিয়া, পল্লিচিকিৎসক কামরুজ্জামান, পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মনিরুজ্জামান এবং বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম নিয়ামত উল্লাহ বক্তব্য দেন।
উত্তর ইসলামপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন জজ মিয়া, মোহাম্মদ মহিউদ্দিন, বুরজাহান, মাসুদ মিয়া ও রায়হান মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন হারুন মোল্লা, তাইজুল ভান্ডারি, মোহাম্মদ স্বাধীন, মো. দেলোয়ার হোসেন, মো. বিল্লাল, আক্তার মোল্লা, দিদার মোল্লা, আবুল হাসান মুন্সিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মুন্সিগঞ্জে মাদক ও অপরাধ প্রতিরোধে পুলিশের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

