শাহ আমানত মন (নিজস্ব প্রতিবেদক):

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পদ্মাপাড়ে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। পরে ম্যাচ শেষে পদ্মা নদী ও পদ্মা সেতুর মনোরম পরিবেশ ঘুরে দেখেন।

সাপ্তাহিক ছুটির দিনে তার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করেছে পদ্মা পারে আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের মাঝে। এদিন আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নানা বয়সী আর্জেন্টিনার তরুণ ও প্রবীণ ভক্ত সমর্থকরা।

“দ্য গ্রেটেস্ট শো অন আর্থ” ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে চারিদিকে যখন ফুটবল উন্মাদনা ঠিক সেই মুহুর্তে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের সাথে পড়ন্ত বিকেলে পদ্মাপাড়ে আনন্দঘন সময় কাটালেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

এ সময় তিনি বলেন, “এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।”

এর আগে, ঘাটে উপস্থিত শত শত আর্জেন্টাইন ভক্ত ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত, পরে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। তার সাথে খেলায় অংশ নেয় মুন্সিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন সহ লৌহজং উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় রাষ্ট্রদূতের সফর ও প্রীতি ফুটবল ম্যাচে পদ্মাপাড়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

প্রীতি ফুটবল ম্যাচ অংশ নেয়া আর্জেন্টিনার দুই পক্ষের কেউই গোল দিতে না পারলেও উন্মাদনা ছিল উভয় পক্ষের মাঝেই।

অনুষ্ঠানে যোগ দেয়ার আগে, আর্জেন্টিনার রাষ্ট্রদূত শিমুলিয়া ঘাটে ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা তার নিজ দেশে উপস্থাপন করতে তথ্যচিত্র নির্মাণের অগ্রগতি ও শুটিংয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।