
নিজস্ব প্রতিবেদকঃ
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন–২০২৬’-এ বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন মুন্সিগঞ্জের সাংবাদিক শাহনাজ হীরা।
সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণাপত্র উপস্থাপক (Paper Presenter) এবং অভিজ্ঞতা বিনিময়কারী (Experience Sharer) হিসেবেও অংশ নেবেন।
আজ শনিবার (৮ আগস্ট) আট সদস্যের বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে তিনি নেপালের উদ্দেশ্যে রওনা হন।
আগামী ৯ থেকে ১২ আগস্ট ২০২৬ কাঠমান্ডুতে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা।’
আয়োজক ফেডারেশন অব নেপালিজ ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (FoNIJ) জানিয়েছে, নেপালসহ বিশ্বের ২৭টি দেশের ৪০০-এরও বেশি আদিবাসী ভাষার সাংবাদিক এ ঐতিহাসিক সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনে সাংবাদিক, গণমাধ্যম পেশাজীবী, গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেবেন।
