নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় একই ভবনে থাকা হাসপাতাল, ব্যাংক ও আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৯ আগস্ট) সকাল ৬টা ৫ মিনিটে উপজেলার মালির অংক বাজারের একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে আগুন লাগার খবর পায় লৌহজং ফায়ার স্টেশন। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার পর ভবনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটির নিচতলায় মার্কেট, দ্বিতীয় তলায় ইসলামি জেনারেল হাসপাতাল ও যমুনা ব্যাংকের কার্যক্রম ছিল।

তিনি জানান, হাসপাতালটিতে ভর্তি থাকা চারজন মহিলা সিজারিয়ান রোগীসহ আবাসিক অংশে থাকা লোকজনকে নিরাপদে ভবন থেকে নিচে নামিয়ে আনা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিচতলার একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। ফলে একই ভবনে থাকা হাসপাতাল ও ব্যাংকসহ আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডে আমির হোসেন বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানটির মালিক আমির হোসেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।