নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর নামক এলাকায় বাস ও নসিমনের মুখোমুখী সংর্ঘষে ঘটনাস্থলেই মজনু মিয়া (৫৫) ও দুলাল ঋষি (৪২) নামের দুজন নিহত হয়েছেন।

আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীনগর বাড়ৈখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সামনের দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে এতে ঘটনার স্থলে প্রাণ গেছে দু’জনের।

স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা-বাড়ৈখালী-শিবরামপুর সড়ক হয়ে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সড়কের লস্করপুর চকেরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনে চালক ও চালকের সহযোগী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এছাড়া আহত হয় বাসের পাঁচ যাত্রী। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত মজনু মিয়ার গ্রামের বাড়ী ফরিদপুরের চোর বল্লবদি এলাকায়। সে বাড়ৈখালী এলাকার মদনপুরে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া অপর নিহত দুলাল ঋষি বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের মনিপাড়ার সাধন ঋষি ছেলে।

বিষয়টি নিশ্চিত করে,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া জানান,নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রয়েছে। রাতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।