নিজস্ব প্রতিবেদকঃ
উৎসবমুখর পরিবেশে মুন্সিগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (২০২৬)। মঙ্গলবার (১৮ আগস্ট) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া ক্রীড়া সংগঠক, ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় জাতীয় পতাকা, জেলা ক্রীড়া সংস্থা ও অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়। বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী ম্যাচে টংগিবাড়ী উপজেলা ও মিরকাদিম পৌরসভা মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টংগিবাড়ী উপজেলা দল ২-০ গোলে মিরকাদিম পৌরসভাকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে।
টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ আরও জোরদার হবে।
সপ্তাহব্যাপী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট। ওই ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

