জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভায়
দেশীয় প্রজাতির মাছের বৃদ্ধি ও প্রজননের দিকে নজর রাখতে হবে
….জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান
স্টাফ রিপোর্টার॥ আগামী ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ নদী ও উৎপাদনশীল নদী ব্যবস্থাপনার উপর ভিত্তি করে আমাদের অগ্রসর হতে হবে। রিভার ইকেনোমিক জোন হিসেবে চাঁদপুরের নদীগুলোকে গড়ে তুলতে হবে। শুধুমাত্র ইলিশ মাছের উপর দৃষ্টি দিলে চলবে না। সাথে সাথে আমাদের দেশীয় প্রজাতির মাছের বৃদ্ধি ও প্রজননের দিকে নজর রাখতে হবে। মৎস্য সপ্তাহের মেলাকে ভ্রাম্যমান করে জনগণের দৌড় গোড়ায় পৌছে দিতে হবে। সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে মৎস্য সপ্তাহ পালন করতে হবে। তাছাড়া নিরাপদ ও উৎপাদনশীল নদীর উপর শিক্ষার্থীদের নিয়ে বিতর্কের আয়োজন করা যেতে পারে। তাহলে আমাদের প্রজন্ম মৎস্য সপ্তাহ কি এবং কেন তা জানতে পারবে। মৎস্য সপ্তাহ শুধু মাছ নয়, নদী পানি ও স্থানীয়রা কি করছে তাও দেখার বিষয়। আগে যেমন সবজি কিনতে বাজারে যেতে হত এখন আর বাজারে যেতে হয় না। সবজি এখন আপনার বাড়ির সামনেই চলে যায়। মা ইলিশ রক্ষায় আনন্দ বাজার, আখনের হাট, রাজরাজেশ্বরে অসাধু জেলেদের যেমনি মেলা বসে তেমনি মৎস্য সপ্তাহের মেলা আরো বেশি জাঁকজমক করতে হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নেতৃত্ব দিতে হবে। এছাড়া কোস্টগার্ড, নৌ পুলিশ সহ সর্বস্তরের জনগণকে এই মৎস্য সপ্তাহের কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বড় বড় লঞ্চগুলোতে ভ্রাম্যমান মৎস্য মেলার আয়োজন করতে হবে। তাহলে এটি আরো বেশি প্রচার লাভ করবে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকির পরিচালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, কোস্টগার্ড কমান্ডার লেঃ ফয়সাল বিন রশিদ, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, মৎস্যজীবী নেতা মালেক দেওয়ান, কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
