নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুল কাদের জিলানী।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোলপ্লাজা থেকে বাস চালক শহিদুল শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়। সে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার বাসিন্দারা ফজলু শেখের ছেলে।

পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল রাতে প্রায় ৫৫ জন যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসে বরিশাল এক্সপ্রেস নামের ওই যাত্রীবাহী বাসটি। পরে রাত ৯টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর দোগাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

এ সময় যাত্রবাহী বাসটির ছাদ উড়ে গেলে যাত্রীদের ঝুঁকিতে ফেলে আরও বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে নির্জন এলাকায় রেখে পালিয়ে যায় চালক।

এ ঘটনায় হাসাড়া হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে বাদী হয়ে মামলা দারের করেন পুলিশের উপপরিদর্শক আতিউর রহমান। এরপর প্রায় ১৮ দিন পরে অভিযান চালিয়ে আটক করা হয় অভিযুক্ত এই বাসচালককে।