
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে, নানা রকম ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ড হাতে দিবসটি উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালী,এতে অংশনেয় স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ।
পরে র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় র্যালীতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সচেতনতা মূলক বার্তা জানানো হয়।
এরপর,জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী।
আলোচনা সভায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, সদর উপজেলা (নির্বাহী অফিসার) গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম ও জেলা শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আব্দুল আলীম এবং মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
কর্মসূচিতে বক্তারা,মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বলেন, শুধু পড়া- লেখা নয়, জীবনদক্ষতা, কর্মদক্ষতা ও তথ্য বিশ্লেষণ সহ ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহারের সক্ষমতা অর্জনের মাধ্যমেই সাক্ষরতাকে অর্থবহ করে তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সাক্ষরতা বলতে শুধু পড়া, লেখা ও গণনা শেখাকে বোঝায় না। তথ্য বিশ্লেষণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা, ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার, জীবনদক্ষতা এবং কর্মদক্ষতা অর্জনও সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। তাই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের উপানুষ্ঠানিক শিক্ষার আওতায় এনে তাদের জীবনদক্ষতা ও কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
