নিজস্ব প্রতিবেদকঃ

স্বামীকে শেষ বিদায় জানিয়ে প্যারোলে মুক্তির ১২ ঘন্টা শেষ হওয়ায় পুনরায় কারাগারে নিয়ে আসা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে তাকে বহন করা প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ কারাগার ফটকে প্রবেশ করে।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ ও অন্যান্য ধর্মীয় অনুশাসন শেষে কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা থেকে মুন্সিগঞ্জ নিয়ে আসা হয়।

এদিকে বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়।

পরে বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। এরপর,সন্ধ্যা ৬ টার দুই মিনিট আগে প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

এর আগে,বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সিগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যান।

উল্লেখ্য,দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য গতকাল বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। পরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময় নির্ধারণ করা হয়।

প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন দীপু মনি। কার্যক্রম শেষে তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

উল্লেখ্য : ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পরে রাজনৈতিক বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে মুন্সিগঞ্জ কারাগারে রাখা হয়েছে তাকে।