
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী এলাকায় অবস্থিত ৪৩ বছরের পুরোনো শ্রীশ্রী জয় মা রক্ষা কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
গত শনিবার (২৭ জুন) দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমার স্বর্ণ ও রূপার অলংকার, নগদ টাকা এবং একটি বসতঘর থেকে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র ও মন্দির কর্তৃপক্ষ জানায়, বাড়িটি ফাঁকা থাকার সুযোগে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার পরনে থাকা স্বর্ণের টিকলি, টিপ, গলার চেইন এবং পায়ে থাকা রূপার পায়েল খুলে নিয়ে যায়। একই সঙ্গে বাড়ির দুটি কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে দুটি আলমারি, শোকেস ও টিভি ট্রলির ড্রয়ার ভেঙে আনুমানিক ৮ ভরি রূপা, নগদ টাকা এবং সাংসারিক কাজে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র চুরি করে।
বাড়ির মালিক সুনিল দাস জানান, প্রতিমা ও মন্দিরের অন্যান্য সামগ্রীর কোনো ক্ষয়ক্ষতি করা হয়নি। শুধুমাত্র প্রতিমার অলংকার এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।
মন্দিরের দায়িত্বে থাকা বীরেন দাস বলেন, শেখেরনগরের মায়ের আদেশে প্রায় ৪৩ বছর আগে আমরা এই কালী মন্দিরটি প্রতিষ্ঠা করি। দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত পূজা-অর্চনা হয়ে আসছে। দূর-দূরান্ত থেকে ভক্তরা মায়ের দর্শনে আসেন। প্রতিষ্ঠার পর এই প্রথম এমন চুরির ঘটনা ঘটল।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
