জাফর মিয়া,মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জ সদরে চালককে জিম্মি করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করতে গিয়ে, দেশীয় অস্ত্র ও হাব বোমা সহ পুলিশের হাতে আটক হয়েছে,সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সম্রাট ওরফে বাবু মিজি (৩৬)।
পুলিশ জানায়,এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ছিনতাই চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েল করা হয়েছে সদর থানায়।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে শহরের মুন্সীরহাট এলাকার পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রীজে ঢালে চেকপোস্ট থেকে আটক হন তিনি।
এ সময় অভিযুক্ত ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে একটি ধারালো অস্ত্র সহ ৪টি হাতবোমা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃত বাবু মিজি,সদর উপজেলার টরকি এলাকার স্থানীয় বিএনপি নেতা মনির মিজির ছেলে ও সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বলে জানিয়েছে পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়,গভীর রাতে পাঁচঘড়িয়াকান্দি নতুন ব্রীজের ঢালে পুলিশের চেকপোস্টে তল্লাশি চলাকালে,অভিযুক্ত বাবু মিজি সহ আরও দুইজন অটোরিক্সা ছিনতাই করার চেষ্টা করেন।
এ সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে। তবে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় তাদের সাথে থাকা বাকি দুইজন।
পরে বাবু মিজির শরীরে তল্লাশি করে একটি ছোঁড়া, চারটি হাত বোমা,দুইটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে অভিযুক্ত যুবদল নেতাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এদিকে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে।
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা অভিযুক্ত বাবু মিজির যুবদলের পদবী নিশ্চিত করে বলেন, যে কোন ধরণের অপরাধের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান রয়েছে। মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এমন কোন কাজ করা যাবে না। ফলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।