মানিক দাস ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের (র্যাগ-৪১) এ বাংলা বিভাগের আরমান খান যুব ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্যামা ভট্টাচার্য সর্বোচ্চ ভোট পেয়ে রাজা-রাণী নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ১১ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিপঙ্কর দাস।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে রাজা ও রানী পদে মোট ১২০৮ টি করে ভোট পড়েছে। এতে রাজা পদে সর্বোচ্চ ৬৪১ ভোট পেয়ে যুব রাজা নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বদ্বী সিয়াম পেয়েছেন ৫৬২টি ভোট। অন্যদিকে রানী পদে সর্বোচ্চ ৬২৮ ভোট পেয়ে শ্যামা রাণী নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নোভা পেয়েছেন ৫৮০টি ভোট। রাজা-রানী নির্বাচনের মধ্য দিয়ে ৪১তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসবের এক ধাপ এগোল। র্যাগ-৪১ এর আহ্বায়ক আবদুর রহিম জুয়েল জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে র্যাগ উৎসব অনুষ্ঠানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এবারের র্যাগ উৎসবটি প্রতিবারের মতো বর্ণিল ও বর্ণাঢ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য র্যাগ-৪১ এর প্রাণে নির্বাচিত শ্যামা ভট্টাচার্য্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত চাঁদপুরের নাট্য সংগঠন অনন্যা নাট্য গোষ্ঠীর সদস্য। সে চাঁদপুরে দীর্ঘদিন সুনামের সাথে মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার দক্ষতার পরিচয় দিয়েছেন। এখনো শ্যামা ভট্টাচার্য্য অনন্যা নাট্যগোষ্ঠীর সদস্য। তার এ সাফল্যের জন্য অনন্যা নাট্যগোষ্ঠী থেকে সভাপতি শহীদ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মৃনাল সরকার শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

