
নাবিদুল ইসলাম নিরব,গজারিয়া:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতুর উপর মালবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজটে দীর্ঘক্ষণ আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ছয়টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতুর উপর একটি রডবাহী ট্রাকের চাকা খুলে সেটি উল্টে গেলে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কুমিল্লাগামী যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যানজট সৃষ্টি হতে থাকে যা সকাল আটটার মধ্যে মহাসড়কের ৮ কিলোমিটার অংশে ছড়িয়ে পড়ে। যানযটে আটকা পড়া ঢাকাগামী যাত্রীবাহী বাস চালক আমির আলী বলেন,ভবেরচর বাস স্ট্যান্ড পার হওয়ার পর যানজট পেয়েছি। কতক্ষণে ঢাকা পৌঁছাতে পারব বলতে পারছি না।

ঢাকাগামী পিকাপ চালক সিরাজুল ইসলাম বলেন,শুনেছি মেঘনা সেতুর উপর একটি ট্রাক উল্টে গেছে। প্রায় দেড় ঘন্টা যাবৎ একই জায়গায় বসে আছি।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শওকত হোসেন জানান, একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে গেছে এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ফলে কিছু সময় ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়।
