শুভ ঘোষ,মুন্সিগঞ্জ:
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি সহ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে মুন্সিগঞ্জে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নিয়ে নার্সিং ইনস্টিটিউট মুন্সিগঞ্জের ব্যানারে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় প্রায় শতাধিক শিক্ষার্থী।
পরে হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা,এরপর মিছিলটি শহরের সুপারমার্কেট চত্বরে এসে মিলিত হয়।
এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে,চলমান নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ভুক্তভোগীদের অভিযোগ দীর্ঘদিন যাবত নানাভাবে বৈষম্যের শিকার হতে হচ্ছে নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীদের। ফলে দ্রুত দাবি আদায় না হলে শীঘ্রই বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে।