- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল

মানিক দাস ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ চাঁদপুর সদর উপজেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থী ও আক্কাছ আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ শূন্য গোলে আক্কাছ আলী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল খেলায় বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেলওয়ে স্ক্যাভেঞ্জার্স প্রাথমিক বিদ্যালয়ের মাঝে অনুষ্ঠিত হয়। গোল শূন্যভাবে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলে ট্রাইবেকারের মাধ্যমে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় রেলওয়ে স্ক্যাভেঞ্জার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সোহাগ প্রধানীয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তোমরা যারা কোমলমতি শিক্ষার্থী রয়েছ লেখাপড়ার পাশাপাশি খেলোয়াড়ের মনোবল নিয়ে তোমাদেরকে খেলতে হবে। তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছার সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তাহলেই তোমরা একদিন মানুষের মতো মানুষ হতে পারবে। এ সময় আরও বক্তব্য রাখেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মানসুর আহমেদ। আরও উপস্থিত ছিলেন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা শাফী বন্যা, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগম লাকি, ১২৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ফাতেমা বেগম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। দুইটি খেলায় রেফারির দায়িত্ব পালন করেন গৌতম চক্রবর্তী। সহকারি ছিলেন শিক্ষক জাকির হোসেন ও মামুন। পরে প্রধান অতিথি বিজয়ী দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল খেলার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।