
নিজস্ব প্রতিবেদকঃ
স্বামীর মৃত্যুতে শেষ বিদায়ের সাক্ষী হতে মাত্র ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি পেয়েছেন সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনি। আগামীকাল (২০ আগস্ট) বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ। বুধবার বেলা ১টা থেকে বাবার মরদেহ ঢাকায় রেখে কারাগারে বন্দী মায়ের মুক্তির জন্য মুন্সিগঞ্জ জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেন তিনি।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে সাবেক মন্ত্রীর মেয়ে তার মায়ের সাথে দেখা করতে কারাগারে যান।
পরে কারাগার থেকে বের হওয়ার পর দুপুর পৌনে ২টার দিকে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে ৪ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন জমা দেওয়া হয়। পরে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়।
মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির পরই তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দাফন করা হবে জানিয়েছেন তার আইনজীবী।
এর আগে,গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। সেখানে দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।