
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মোহাম্মদ জাহিদুর রহমানকে অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বোর্ডের চিঠি অনুযায়ী, প্রতিষ্ঠানটির গভর্নিং বডিতে মোহাম্মদ জাহিদুর রহমানকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুমোদনের তারিখ থেকে এ কমিটির মেয়াদ হবে ছয় মাস।
প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা করছেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে।
নবনিযুক্ত সভাপতি জাহিদুর রহমান বলেন, খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও গুরুত্বপূর্ণ বিষয়। আমি বালুচরের সন্তান হিসেবে এই প্রতিষ্ঠান ও এলাকার সঙ্গে আত্মিকভাবে সম্পৃক্ত। তাই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার মতামত ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।
এলাকাবাসী বলছেন, নতুন গভর্নিং বডির নেতৃত্বে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা তাঁদের।