
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশার ভাড়া নিয়ে চালকের সাথে যাত্রীর কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আবু কালাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক জামাল হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকায় এ ঘটনা ঘটে,পরে একই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রিক্সা চালককে আটক করেছে পুলিশ। আটকৃত জামাল হোসেন উপজেলার লস্করপুর এলাকার আব্দুল বারেকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, আবু কালাম তাঁর স্ত্রী সূর্যবান ও দুই সন্তানকে নিয়ে হাসাড়া বাসস্ট্যান্ডে আসেন। সেখান থেকে নিজ বাড়ি পশ্চিম হাসাড়া দক্ষিণপাড়ায় যাওয়ার জন্য অন্য একটি অটোরিকশায় ওঠার সময় ওই চালকের সঙ্গে ভাড়া নিয়ে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চালক আবু কালামকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান।

এরপর,অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে অন্য একটি অটোরিকশায় করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু কালাম উপজেলার হাসাড়া এলাকার বাসিন্দা। তিনি শুকুর শেখ ও রওশন আরা বেগমের ছেলে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে,শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত অটোরিকশা চালক জামাল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়।