- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোসলেহ উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সোমবার রাত ৯টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান মরহুমের মরদেহে গার্ড অব অনার প্রদান করেন এবং ফুলেল শ্রদ্ধা জানান। পরে সাতঘড়িয়া কবরস্থান মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সাতঘড়িয়া কবরস্থানে দাফন করা হয়।

১৯৪৮ সালে জন্মগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধার দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বাদল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।