- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

রিকশার ‘প্যাডেলে’ জীবনের গল্প, মুন্সিগঞ্জের তরুণদের সিনেমা ‘বায়না’

নিজস্ব প্রতিবেদক:

একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে সংসারের টানাপোড়েন। প্রতিদিনের ঘামঝরা পরিশ্রম, বেঁচে থাকার লড়াই, হাসি-কান্না আর স্বপ্নের সমীকরণ একজন রিকশাচালকের জীবনের এমনই চেনা অথচ গভীর গল্প নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বায়না’। ব্যতিক্রমী এই সিনেমার নির্মাতা মুন্সিগঞ্জের তরুণ চলচ্চিত্র নির্মাতা পরাগ হোসেন উজ্জ্বল। প্রায় দুই ঘণ্টার সিনেমাটি আগামী ২৭ ও ২৮ নভেম্বর প্রদর্শিত হবে মুন্সিগঞ্জে। দুই দিনে থাকছে মোট পাঁচটি প্রদর্শনী।

২০২৩ সালে শুটিং শুরুর মধ্য দিয়ে সিনেমাটির নির্মাণযাত্রা শুরু হয়। মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে চলে দৃশ্যধারণ। স্থানীয় জনপদ, পরিচিত পরিবেশ আর এলাকার মানুষের অংশগ্রহণে নির্মিত সিনেমাটি এবার বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন জেলার দর্শকেরা।

‘বায়না’য় অভিনয় করেছেন শফিউর রহমান সাগর, জাহিদ রোহান, মুনা আক্তার ফাইজা, হাসান প্রধান, সুরভী লাবন্য, আজিজা মিতা, আদিয়ন, সিফাত, জুবায়ের, রাকিব হোসাইন জয়, মো. নুরুজ্জামান ও স্বর্ণা শিলসহ আরও অনেকে। উল্লেখযোগ্য বিষয় হলো, সিনেমাটির অভিনয়শিল্পীদের সবাই মুন্সিগঞ্জের বাসিন্দা।

দুই ঘণ্টার এই চলচ্চিত্রে রয়েছে মোট চারটি গান। একজন সাধারণ রিকশাচালকের জীবনকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। জীবনের নানা চড়াই-উতরাই, পারিবারিক বন্ধন, সুখ-দুঃখ, স্বপ্ন ও বাস্তবতার সংঘাত সব মিলিয়ে দর্শকদের সামনে উঠে আসবে প্রান্তিক একজন মানুষের জীবনসংগ্রামের প্রতিচ্ছবি।

‘সিনেমাটির দুর্দান্ত গান “কচুরি ফুল”

আগামী ২৭ ও ২৮ নভেম্বর মুন্সিগঞ্জের এসপি অফিসের বিপরীতে অবস্থিত আনন্দ কমিউনিটি সেন্টারে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীর সময়সূচি অনুযায়ী, ২৭ নভেম্বর (শুক্রবার) প্রথম প্রদর্শনী শুরু হবে দুপুর ৩টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় প্রদর্শনী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। পরদিন ২৮ নভেম্বর (শনিবার) তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ১১টায়, দ্বিতীয়টি বিকেল ৩টায় এবং শেষ প্রদর্শনী সন্ধ্যা ৬টায়। প্রতিটি প্রদর্শনীর জনপ্রতি শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

স্থানীয় শিল্পীদের নিয়ে, মুন্সিগঞ্জের মাটিতে নির্মিত ‘বায়না’ শুধু একটি সিনেমা নয়, বরং স্থানীয় প্রতিভা ও চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনাকে বড় পর্দায় তুলে ধরার একটি প্রয়াস। সিনেমাটি উপভোগ করতে জেলার সর্বস্তরের দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতা পরাগ হোসেন উজ্জ্বল।