- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী ও পুরুষের অর্ধগলিত দুটি মরদেহ উদ্ধার- পরিচয়ে শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর-কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে চর-কিশোরগঞ্জ এলাকার স্থানীয়দের মাঝে। ফলে বিষয়টি নিয়ে জোরালো তদন্তের তাগিদ দিয়েছেন ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা সহ স্থানীয় এলাকাবাসী।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মেঘনা নদীতে ৩টি মরদেহ ভাসতে দেখে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে গজারিয়া থানা পুলিশ ও নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে।

পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে ট্রলারে নদী তীরে নিয়ে আসে। তবে এ সময় তীব্র স্রোতে আরও একটি মরদেহ ভেসে যায় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে,নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে।

পরে সম্ভুপুরা ইউনিয়নের চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভিতর থেকে প্রথমে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

এরপর,সেখান থেকে ৫০ মিটার দূরে কচুরিপানার ভিতর পায়ে রসি বাঁধা ভাসমান অবস্থায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মেঘনার তীব্র স্রোতে আরও একজনের মরদেহ ভেসে যায় বলে তিনি জানান।

তিনি আরো বলেন,এ ঘটনায় মরদেহ দুটির পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। অন্যদিকে তীব্র স্রোতে ভেসে যাওয়া মরদেহটি উদ্ধারেও চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ। তবে নিহতদের পরিচয় সনাক্ত হলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।