
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসেন মন্ডল ওরফে ‘গাঁজা মনির’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫০০টি ইয়াবা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকার মাদবর বাড়ির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের গণমাধ্যম শাখা জানায়, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ২৪ মামলার পলাতক আসামি মনির হোসেন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৫০০টি ইয়াবা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন মন্ডল ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মন্ডলের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।