
নিজস্ব প্রতিবেদকঃ
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন,জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।
এর আগে,একদিন সকালে, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে র্যালিটি মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপরে, বেলুন উড়িয়ে সেখানে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
জেলা প্রশাসন ও মুন্সিগঞ্জ সামাজিক বন বিভাগ আয়োজিত কর্মসূচিতে, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক জনাব এ,কে,এম, ইরাদত এবং ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিজ শারমীন আক্তার সহ আরও অনেকে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কেবল পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নয়; এটি একটি সামাজিক ও অর্থনৈতিক আন্দোলন। তাঁদের মতে, এ কর্মসূচির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু বৃক্ষরোপণই যথেষ্ট নয়। স্থানীয় ও উপযোগী প্রজাতির সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, নদী-খাল ও জলাভূমির পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং গ্রাম ও শহরে সবুজ পরিসর বৃদ্ধি নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির গুরুত্বও তাঁরা তুলে ধরেন।
এবার মেলা প্রাঙ্গণে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে অর্ধ শতাধিক নার্সারি পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা।