- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

মুন্সিগঞ্জে ডাবের চড়া দাম, বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ডাব বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় এক বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার হাসপাতাল রোড ও মানিকপুর এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে অতিরিক্ত দামে ডাব বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অনিয়ম পাওয়ায় এক ডাব বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সদর রোডের আদি মধুবন মিষ্টিমুখে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও জিলাপি তৈরি, জিলাপিতে ননফুডগ্রেড রং ব্যবহার এবং উন্মুক্তভাবে তৈরি খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সমীর ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি দল সহযোগিতা করে।

অভিযান শেষে সহকারী পরিচালক আসিফ আল আজাদ ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ভোক্তাদের কাছ থেকে যৌক্তিক মূল্য নেওয়ার আহ্বান জানান।