- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

মুন্সিগঞ্জে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (পিপিআইএমএসসি) আয়োজিত আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

টুর্নামেন্টের শেষ দিনে দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক আলাউদ্দিন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সানোয়ার হোসেন, আলহাজ আহাম্মেদ, আরমান হোসেন ও লুৎফর রহমান।

খেলার ধারাভাষ্য এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার। তাঁর উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা। তাঁর সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় প্রায় দুই সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, গত ২২ জুলাই মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক মনোভাব এবং খেলোয়াড়সুলভ আচরণ টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।

পুরস্কার বিতরণ শেষে সভাপতি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা, দলগত চেতনা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও সহায়ক।

বর্ণাঢ্য আয়োজন, প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ এবং শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে শেষ হওয়া আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সংশ্লিষ্টদের কাছে একটি স্মরণীয় আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে।